এশিয়া কাপে দেখা গেছে অদ্ভুত দৃশ্য—জার্সিতে কোনো স্পনসরের নাম নেই, কেবল বড় করে লেখা ছিল ‘INDIA’। তবে এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে আসছে অ্যাপোলো টায়ারসের নাম।
ড্রিম ১১-এর জায়গায় নতুন প্রধান স্পনসর হতে চলেছে দেশীয় সংস্থা অ্যাপোলো টায়ারস। বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য তারা দেবে ৪.৫ কোটি টাকা। যেখানে আগের স্পনসর ড্রিম ১১ দিত ম্যাচপ্রতি ৪ কোটি টাকা।
২০২৭ পর্যন্ত চুক্তি, মোট ১৩০ ম্যাচ
নতুন এই চুক্তি চলবে ২০২৭ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে টিম ইন্ডিয়া খেলবে প্রায় ১৩০টি ম্যাচ। অর্থাৎ বিসিসিআই পাবে বিশাল অঙ্কের অর্থ।
প্রতিযোগিতায় ক্যানভা ও জেকে টায়ারও ছিল, তবে শেষ পর্যন্ত অ্যাপোলো টায়ারসের হাতেই স্পনসরশিপ গেল। বিরলা ওপাস পেন্টসও বিনিয়োগে আগ্রহী ছিল, কিন্তু তারা নিলামে অংশ নেয়নি।
গেমিং বা ক্রিপ্টো নয়, কড়া শর্তে নিলাম
২ সেপ্টেম্বর থেকে দরপত্র জমা নেওয়া শুরু হয়েছিল এবং শেষ হয় ১৬ সেপ্টেম্বর। শর্ত ছিল—অনলাইন গেমিং, জুয়া, ক্রিপ্টো বা মদ প্রস্তুতকারক সংস্থাগুলো কোনোভাবেই এই দৌড়ে থাকতে পারবে না। ফলে পরিষ্কার-পরিচ্ছন্ন ইমেজের অ্যাপোলো টায়ারসকেই বেছে নিল বিসিসিআই।
কেন শেষ হলো ড্রিম ১১-এর চুক্তি?
ড্রিম ১১-এর সঙ্গে বিসিসিআইয়ের তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল, যা চলার কথা ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। পাশাপাশি মাই ১১ সার্কেলও ছিল অ্যাসোসিয়েট স্পনসর হিসেবে। তবে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থা কার্যত বৈধতা হারায়। তাই নতুন স্পনসরের খোঁজে নামে বিসিসিআই।
এবার সেই জায়গা পূরণ করছে অ্যাপোলো টায়ারস।