অবশেষে নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই) এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে ম্যাচের তারিখগুলো। তবে এখনও ভেন্যু আর খেলা শুরুর সময় ঠিক করা হয়নি।

সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর। এরপর শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ, যা মাঠে গড়াবে ২৭ অক্টোবর। বাকি দুই ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।

বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ খেলবে টানা একাধিক বিদেশি সিরিজ। চলতি মাসেই তারা নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে শারজায়, যা শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ভারতে যাবে ক্যারিবিয়ানরা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে—প্রথমটি আহমেদাবাদে ২-৬ অক্টোবর এবং দ্বিতীয়টি দিল্লিতে ১০-১৪ অক্টোবর। এরপরই বাংলাদেশ সফর।

এই সফর শেষে থেমে থাকবে না ওয়েস্ট ইন্ডিজের ব্যস্ত সূচি। নভেম্বরের শুরুতেই তারা পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। সেখানে খেলবে দীর্ঘ প্রায় দুই মাসের সিরিজ। সূচি অনুযায়ী, ৫ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। এরপর ১৫ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষ ২ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য অক্টোবর তাই হয়ে উঠছে দারুণ উত্তেজনার মাস। টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ঘিরে এখন থেকেই বাড়ছে প্রত্যাশা।

 

Walton Ads