ফাইনালের উত্তেজনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ভারতীয় দলের আচরণে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তাঁর মতে, ভারতীয় দল শুধু পাকিস্তানকে নয়, পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে।
রোববার দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জেতে ভারত। তবে গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের মতো ফাইনালেও টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাত মেলানো দেখা যায়নি। টুর্নামেন্টের শুরু থেকেই ভারতের খেলোয়াড়রা প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখায়।
ফাইনালে এই ঘটনার চূড়ান্ত রূপ দেখা যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচ শেষে দেড় ঘণ্টার বেশি সময় পর অনুষ্ঠান শুরু হলেও ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত ট্রফি ও মেডেল গ্রহণ করেনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, “ভারত এই টুর্নামেন্টে যা করেছে, তা হতাশাজনক। হাত না মিলিয়ে তারা শুধু আমাদেরকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়া কোনো ভালো দলের আচরণ নয়। আমরা আমাদের দায়িত্ব পালন করতে ট্রফি নিতে গিয়েছিলাম, মেডেল নিয়েছি, কিন্তু তারা অসম্মানজনক আচরণ করেছে।”
সালমান আলী আগা আরও বলেন, “টুর্নামেন্টের শুরুতে সূর্যকুমার ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছে। সংবাদ সম্মেলন ও ম্যাচ রেফারির সভাতেও হাত মিলিয়েছে। কিন্তু যখন টিভি ক্যামেরার সামনে এসেছে, তখন হাত মেলাননি। আমি নিশ্চিত, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা সে মেনে চলেছে। এই ধরনের আচরণ ক্রিকেটের জন্য খারাপ। আশা করি ভবিষ্যতে এগুলো বন্ধ হবে।”
তিনি টুর্নামেন্টজুড়ে ঘটে যাওয়া সকল ঘটনার দায় ভারতের ওপর চাপিয়ে বলেন, “যা হয়েছে, তা উচিত হয়নি। তবে দায় যাদের (ভারতীয় দল) তাদেরকেই জিজ্ঞেস করা উচিত, আমাকে নয়।”