নারী ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকেট বিক্রি শুরু করেছে আইসিসি। শনিবার সন্ধ্যা থেকে গুগল পে ব্যবহারকারীরা দুই সেমি-ফাইনালের টিকেট প্রি-সেলে কিনতে পারবেন।
বিশ্বকাপের স্পন্সর কোম্পানি গুগল দুই দিনের প্রি-সেল উইন্ডো দিয়েছে। ১৩ অক্টোবর থেকে যে কেউ সাধারণভাবে টিকেট কিনতে পারবেন।
প্রথম সেমি-ফাইনাল হবে গুয়াহাটিতে, ২৯ সেপ্টেম্বর। মাঠে বসে ফাইনালে ওঠার লড়াই দেখার জন্য সর্বনিম্ন টিকেট মূল্যে খরচ হবে মাত্র ১০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ টাকা।
যদি পাকিস্তান প্রথম সেমি-ফাইনালে উঠতে সক্ষম হয়, তাহলে ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। সে ক্ষেত্রে গুয়াহাটির টিকেট কিনে রাখা দর্শকরা শতভাগ অর্থ ফেরত পাবেন। তবে পাকিস্তান প্রথম তিন ম্যাচ হেরে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম।
দ্বিতীয় সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ৩০ অক্টোবর। সেদিনের সর্বনিম্ন টিকেট মূল্য ১৫০ রুপি।
গ্রুপ পর্বের ম্যাচের টিকেট বিক্রি ইতিমধ্যেই চলছে। ১২ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর ভারত-ইংল্যান্ডের সব টিকেট শেষ হয়ে গেছে। এছাড়া ভারত-নিউজিল্যান্ড ও ভারত-বাংলাদেশের ম্যাচের টিকেটও প্রায় শেষের পথে।
এর আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ২২,৮৪৩ দর্শক। এটি মেয়েদের আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বের ম্যাচে সর্বোচ্চ দর্শক সংখ্যা হিসেবে রেকর্ড করেছে।