বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস। শর্ত পূরণ করতে পারলে তারা আগামী পাঁচ বছরের জন্য নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাবে।
শর্ত পূরণ করলে অন্য কেউ আগ্রহী হলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারবে। নোয়াখালীর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নামে ফ্র্যাঞ্চাইজিও নেওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) আহ্বান করেছে। আগামী পাঁচ বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ বিপিএলের ১২ থেকে ১৬তম আসর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব তারা পাবেন।
১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ আসরের জন্য সম্ভাব্য ১০টি অঞ্চলের রূপরেখা দেওয়া হয়েছে। সেখানে রয়েছে:
বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
এবার নোয়াখালী ও ময়মনসিংহ প্রথমবারের মতো সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত হয়েছে। বাকি ৮টি অঞ্চলের সবগুলোই বিপিএলে অন্তত একবার অংশগ্রহণ করেছে। ২০২৬ বিপিএলের জন্য বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চাইছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ভাবমূর্তি ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত হবে।
বিসিবির ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন,
“আমরা দশটা অঞ্চলের নাম বলেছি, তবে সময় কম। তাই অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। বলছি না ছয় বা সাতটা দল হবে না, তবে প্রাধান্য পাঁচটি দল নিয়েই টুর্নামেন্ট শেষ করা। আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সমস্যা হয়েছিল, এবার আমরা কঠোর থাকব। ফাইনান্সিয়াল দিক ঠিক না থাকলে বা ম্যানেজমেন্ট দুর্বল হলে, বড় প্রতিষ্ঠান হলেও ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। এবার দুটোই যাচাই করা হবে।”
সূচি অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের কোনো সিরিজ নেই। তাই ওই সময়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি চেয়ে EOI প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিপিএলের প্রস্তুতি শুরু হয়েছে।
বিপিএলের সদস্য সচিব জানান,
“নির্বাচনের পর নতুন দায়িত্ব পেয়েছি। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন করা হবে। সময় ঠিক করা হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। আগের দলগুলোর চুক্তি শেষ, তাই এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে।”