ভারতের কোচ গৌতম গম্ভীর আবারও স্পষ্ট করলেন, ভারতের টি-টোয়েন্টি দলটি এখন অধিনায়ক সূর্যকুমার যাদবের। যেমন টেস্ট দল এখন শুভমন গিলের, তেমনই টি-টোয়েন্টি দলের পুরো দায়িত্ব সূর্যকুমারের। গম্ভীর আরও জানালেন, অধিনায়কদের দল পরিচালনার পদ্ধতিতে তিনি হস্তক্ষেপ করতে চান না এবং সফলতম কোচ হওয়ার কোনও লক্ষ্য নেই তাঁর।
দিল্লি টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলের আকাশ চোপড়া প্রশ্ন করেন, কতটা সফল শুভমন। গম্ভীর বলেন, ‘‘শুভমন মাত্র ছ’টি টেস্ট নেতৃত্ব দিয়েছে। এখনই বিচার করা ঠিক হবে না। ও অত্যন্ত পরিশ্রম করছে, দ্রুত শিখছে, চাপ সামলাচ্ছে। আমি শুধু চেষ্টা করি ওর চাপ কমিয়ে দিতে।’’
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে ভারতের কাছে পরপর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। গম্ভীর বলেন, ‘‘চাপ সব সময় থাকে। প্রতিটি দিন, প্রতিটি ম্যাচে। সূর্যকুমার দারুণ নেতৃত্ব দিচ্ছে। দল পরিচালনা করছে। ও ব্যাট হাতে কী করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ভারতের টি-টোয়েন্টি দলটা সূর্যকুমারের। টেস্ট দল শুভমনের। দিনের শেষে দল অধিনায়কের।’’
তিনি আরও যোগ করেন, ‘‘সূর্য অধিনায়ক হওয়ার পর দল প্রায় সব ম্যাচ জিতেছে। মাঠের সব সিদ্ধান্ত ও নেয়। ও চায় ভয়ডরহীন ক্রিকেট খেলতে। এটাই সঠিক। আগ্রাসী ক্রিকেট খেললে জেতার সুযোগ বেশি থাকে। ভুল হতে পারে, কিন্তু তা ভয়ের কারণ নয়। জেতার মানসিকতায় খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
গম্ভীর বলেন, ‘‘সফলতম কোচ হওয়ার কোনও লক্ষ্য নেই। সমালোচনা হবে, আমরা গুরুত্ব দিই না। সাজঘরে যারা আছেন, তাদের পরামর্শই গ্রহণযোগ্য। খেলায় জয়-পরাজয় স্বাভাবিক।’’
এশিয়া কাপে দলের ওপর থাকা চাপের প্রসঙ্গেও গম্ভীর বলেন, ‘‘১৪০ কোটি মানুষের প্রত্যাশা থাকে আমাদের ওপর। আমাদের দায়িত্ব মানুষের মুখে হাসি ফোটানো। চাপ তো রোজ থাকে। সিরিজ যেকোনো—নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ—সবই গুরুত্বপূর্ণ।’’
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গম্ভীর স্ট্যান্ডে বসে ভারতীয় দলের জন্য তাঁর ক্রিকেট দর্শন পরিষ্কার করে দিয়েছেন—সর্বদা আগ্রাসী ক্রিকেটে প্রতিপক্ষকে চাপে রেখে জয় নিশ্চিত করতে হবে।