বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসর পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে। দলটির দাবি, সীমিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়, তাই তারা বিপাকে পড়েছে।

সম্প্রতি বিসিবি ঘোষণা করেছে, ২০২৬ মৌসুমের বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে।

তবে ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছে, এত অল্প সময়ে দল গঠন, স্পনসর ঠিক করা এবং অন্যান্য আয়োজন সম্পন্ন করা প্রায় অসম্ভব।

দলটির মালিক মিজানুর রহমান বলেন, “আমি কখনো বলিনি আমরা বিপিএলে খেলব না। কিন্তু এক-দেড় মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব নয়। আমরা শুধু সময় চেয়েছি। এপ্রিল বা মে মাসে করলে ভালোভাবে আয়োজন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করলে লিগের মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ভালো দলগুলো অংশ নিতে চাইবে না। অভিজ্ঞ দল ছাড়া বিপিএল আয়োজন সঠিক হবে না।”

 

Walton Ads