বাংলাদেশের ওয়ানডে দলে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশঙ্কাজনক। শেষ ১১টি ওয়ানডেতে মাত্র এক জয় এবং টানা চারটি সিরিজ হারের কারণে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে।
মেহেদী হাসান মিরাজের দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করল, দলের নির্ধারিত ম্যাচ এবং র্যাঙ্কিং সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী বাংলাদেশ ১৪ অক্টোবর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশে ও বিদেশে মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোই শীর্ষ আটে থাকার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করবে।
নির্ধারিত ওয়ানডে সূচি (১৪ অক্টোবর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬):
আফগানিস্তান – ১টি ওয়ানডে (বিদেশে)
ওয়েস্ট ইন্ডিজ – ৩টি ওয়ানডে (ঘরে)
পাকিস্তান – ৩টি ওয়ানডে (ঘরে)
নিউজিল্যান্ড – ৩টি ওয়ানডে (ঘরে)
অস্ট্রেলিয়া – ৩টি ওয়ানডে (ঘরে)
জিম্বাবুয়ে – ৫টি ওয়ানডে (বিদেশে)
আয়ারল্যান্ড – ৩টি ওয়ানডে (বিদেশে)
ভারত – ৩টি ওয়ানডে (ঘরে)
বিসিবি আরও জানিয়েছে, “এই ম্যাচগুলো আইসিসি এফটিপির অধীনে দ্বিপাক্ষিক সিরিজের অংশ এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ের সরাসরি প্রভাব রাখে। এই ম্যাচগুলোই দলকে পর্যাপ্ত সুযোগ দেবে শীর্ষ আটে থাকার এবং স্বয়ংক্রিয় যোগ্যতা নিশ্চিত করার জন্য।”
বিসিবি সকল গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে, “প্রতিবেদন প্রকাশের আগে তথ্যগুলো মৌলিক উৎস থেকে যাচাই করুন এবং সত্যতা ও দায়িত্বশীলতা বজায় রাখুন।”