বাংলাদেশের নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য এসেছে এক ঐতিহাসিক সুখবর। এখন থেকে তারা পুরুষ ক্রিকেটারদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

বিসিবির এক কর্মকর্তা জানান, “বোর্ড নির্বাচনের আগেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।”

এর আগে, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খোলাখুলি জানিয়েছিলেন যে, নারী ক্রিকেটাররা বেতন কাঠামো, ম্যাচ ফি ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে পুরুষদের তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন। তার সেই বক্তব্যেই আলোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে।

আগে বিদেশ সফরের সময় নারী ক্রিকেটাররা দৈনিক ৭৫ ডলার ভাতা পেতেন, অন্যদিকে পুরুষ ক্রিকেটাররা একই ভাতা ছাড়াও ৪০ ডলার ট্যুর ফি পেতেন—মোট ১১৫ ডলার। এখন থেকে নারী ক্রিকেটাররাও একই সুবিধা ভোগ করবেন।

এই সিদ্ধান্তকে অনেকেই বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য “একটি বড় পদক্ষেপ” হিসেবে দেখছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সমান ভাতা ও ট্যুর ফি পেলে নারী ক্রিকেটারদের মানসিক আত্মবিশ্বাস এবং পেশাদারিত্ব আরও বাড়বে, যা ভবিষ্যতে মাঠের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে।

 

Walton Ads