ওয়ানডে সিরিজ দিয়ে আট মাস পর জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। সঙ্গে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও ফাস্ট বোলার নাহিদ রানা।
সৌম্য সরকার সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে থাকলেও ভিসা না পাওয়ায় অংশ নিতে পারেননি। ওয়ানডেতে তিনি ৭১ ইনিংসে ৩২.৮০ গড়ে ২,১৯৮ রান করেছেন, ১৩টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরি রয়েছে, স্ট্রাইক রেট ৯৬.৩১।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন মাহিদুল অঙ্কন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯০ ইনিংসে ৪৪.৫৩ গড়ে ৩,৪২৯ রান করেছেন। ২৮টি ফিফটির সঙ্গে ৪টি সেঞ্চুরি রয়েছে এই ডানহাতি ব্যাটারের।
বাংলাদেশ সদ্য শেষ আফগানিস্তানের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার এবং ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১:৩০ টায় শুরু হবে।