বিশ্বকাপের মঞ্চে আবারও দুর্দান্ত অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫–এর ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অধিনায়ক অ্যালিসা হিলি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর চার দিনের মাথায় আবারও ব্যাটে ঝড় তুললেন এই অজি তারকা। ৭৭ বল খেলে ২০টি চার হাঁকিয়ে অপরাজিত ১১৩ রান করেন হিলি।
তার সঙ্গে ওপেনিংয়ে ছিলেন ফোবি লিচফিল্ড, যিনি নিজের প্রথম বিশ্বকাপ হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ৮৪ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লিচফিল্ডের ৭২ বলের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা।
বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.৫ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া—১০ উইকেট হাতে রেখেই!
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরে গেছে। পাঁচ ম্যাচে তাদের চারটি জয় ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান আসে শোভনা মোস্তারির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন রুবিয়া হায়দার।
তবে বাকিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। একের পর এক উইকেট হারিয়ে গুটিয়ে যায় লাল-সবুজরা।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আগুন ঝরান লেগ স্পিনার অ্যালানা কিং। ১০ ওভারে ৪টি মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এছাড়া জর্জিয়া ওয়ারহ্যাম, গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডও ২টি করে উইকেট নেন।
এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ টানা চার ম্যাচে হেরেছে। পাঁচ ম্যাচে একমাত্র জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৯৮/৯ (৫০ ওভার) – শোভনা মোস্তারি ৬৬*, রুবিয়া হায়দার ৪৪; অ্যালানা কিং ২-১৮
অস্ট্রেলিয়া: ২০২/০ (২৪.৫ ওভার) – অ্যালিসা হিলি ১১৩*, ফোবি লিচফিল্ড ৮৪*; শর্না আক্তার ০-১৯