আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে রয়্যাল চ্যাম্পস। ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই জেসন রয়ের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সাকিব আল হাসানকে দলে নিয়েছে তারা।

গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের পাশাপাশি টি-টেন লিগের আগামী আসরে খেলবেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার।

১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। জাতীয় দলে ফেরার পর থেকেই ব্যাট হাতে ছন্দে আছেন তিনি। এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের কারণে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে আবুধাবি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন সাইফ।

পরের রাউন্ডে ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলবেন ডানহাতি এই পেসার। গতিময় বোলিংয়ে সবার নজর কাড়লেও সাম্প্রতিক সময়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না নাহিদ। তবে টি-টেন লিগে তিনি ঠিকই দল পেয়েছেন।

৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

 

Walton Ads