সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ব্যাটাররা তখন ব্যর্থ হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের-ই বাংলার কঠিন উইকেটে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ব্যাটিং করেছেন। সেই সাথে রিশাদ হোসেনদের স্পিন ঘূর্ণি জিতিয়েছে ম্যাচ।
সব মিলিয়ে বাংলাদেশ পেল স্বস্তির এক জয়। লো-স্কোরিং ম্যাচে বোলারদের দারুণ প্রদর্শন জয়ের মূল চাবিকাঠি হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শেষ প্রান্তের ব্যাটিং পারফরম্যান্সকে প্রশংসা করেছেন।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন,
"হ্যাঁ, কৃতিত্ব প্রাপ্য ব্যাটারদের, শান্ত ও হৃদয়ের। অভিষিক্ত খেলোয়াড়ও অসাধারণ খেলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়েছে। শেষ দিকে রিশাদের ইনিংসটি ছিল অসাধারণ।"
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করতে পারছিল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ের আগে টানা ৫ ম্যাচে হেরেছিল টাইগাররা। সমালোচনার মুখে পড়েছিলেন মিরাজরা, তবে দলের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে তারা ফিরে আসতে পারবে।
মিরাজ আরও বলেন,
"আমরা শেষ ৫ ম্যাচ জিততে পারিনি। কিন্তু বিশ্বাস ছিল আমরা শক্তিশালী ক্যামব্যাক করতে পারব। আমরা দীর্ঘ সময় ধরে টানা টি-টোয়েন্টি খেলেছি। পর্যাপ্ত ওয়ানডে খেলার সুযোগ ছিল না। এখন খেলছি, ম্যাচগুলো মানিয়ে নিতে সাহায্য করছে।"