বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট পদত্যাগ করেছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব-এর নির্বাহী সদস্যের পদ থেকে।

রোববার ১৯ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের কাছে পদত্যাগপত্র জমা দেন। কোয়াব এক বিজ্ঞপ্তিতে জানায়, পাইলটের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

‘এই অভিজ্ঞতা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব’

পদত্যাগের ঘোষণায় পাইলট বলেন,

“ক্রিকেটারদের কল্যাণে কাজ করা এবং ক্রিকেট ভ্রাতৃত্বের অংশ হতে পারা আমার জন্য এক বিশাল সম্মান। এই অভিজ্ঞতাকে আমি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।”

বিসিবিতে নতুন দায়িত্ব, তাই কোয়াব ছাড়লেন

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন পাইলট। তিনি জানান,

“দুই প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখতে আমি কোয়াব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

কোয়াবের পক্ষ থেকেও পাইলটের অবদানের প্রশংসা জানানো হয়। সংগঠনটি জানায়,

“পাইলট শুধু মাঠে নয়, সংগঠনেও ক্রিকেটের কল্যাণে মূল্যবান ভূমিকা রেখেছেন।”

 

Walton Ads