দ্রুতই বিয়ে করতে চলেছেন ভারতের তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর এবং হবু বর পলাশ মুচ্ছলের চার হাত এক হতে পারে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন পলাশ মুচ্ছল নিজেই। তিনি স্বীকার করেছেন, দ্রুতই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন।

দীর্ঘদিন ধরেই পলাশ এবং স্মৃতির সম্পর্ক নিয়ে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছিল। যদিও দু'জনের কেউই আগে প্রকাশ্যে সেই কথা স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমে প্রায়শই তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যেত। এই প্রথমবার দু'জনের কেউ তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

পলাশ নিজেই দিলেন 'শিরোনাম'!
গত শুক্রবার ইন্দোরের প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে পলাশকে স্মৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। পরিচালক পলাশ তখন বলেন, "খুব শিগগিরই ও (স্মৃতি মন্ধানা) ইন্দোরের পুত্রবধূ হতে চলেছে। এটুকুই আমার বলার।" কিছু মুহূর্ত চুপ থেকে তিনি হাসতে হাসতে আরও যোগ করেন, "আমি কিন্তু আপনাদের শিরোনাম দিয়ে দিলাম!"

স্মৃতির জন্য শুভেচ্ছা জানালেন পলাশ
উল্লেখ্য, এই মুহূর্তে মহিলাদের বিশ্বকাপে খেলছেন স্মৃতি। রবিবার তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছেন। বিশ্বকাপের জন্য স্মৃতি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পলাশ। তিনি বলেন, "ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতির জন্য শুভেচ্ছা রইল। আমরা সকলে চাই ভারত সব ম্যাচ জিতুক এবং দেশকে সাফল্য এনে দিক।"

কে এই পলাশ মুচ্ছল?
পলাশের বোন পলক মুচ্ছল বলিউডের একজন নামকরা গায়িকা। পলাশ নিজে একাধিক সিনেমার জন্য গান তৈরি করেছেন। এই মুহূর্তে তিনি ‘রাজু বাজেওয়ালা’ নামে একটি সিনেমা তৈরির কাজে ব্যস্ত। সেই ছবিতে ‘বালিকা বধূ’ খ্যাত অভীকা গোর এবং ‘পঞ্চায়েত’ খ্যাত চন্দন রায় অভিনয় করছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে স্মৃতি-পলাশের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন ভারতের কোনো খেলা থাকবে না এবং পলাশও ফাঁকা থাকবেন, তখনই শুভ কাজটি সম্পন্ন হতে পারে।

 

Walton Ads