অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরেছে বড় ব্যবধানে। বৃষ্টি আইনে অজিরা জিতেছে ৭ উইকেটে। মিচেল স্টার্কদের কাছে হারের পর ডিএলএস পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।
প্রথম ওয়ানডেতে বারবার বৃষ্টির বাধা আসে। এর ফলে ম্যাচ ২৬ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে।
ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ১৩১ রানের লক্ষ্য পায়, যা তারা ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে যায়। এই ফলাফল গাভাস্কার মোটেই মেনে নিতে পারেননি।
ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, “আমার মনে হয় খুব কম মানুষই ডিএলএস পদ্ধতি বোঝে, যদিও এটা অনেকদিন ধরে চলে আসছে।”
“একজন ভারতীয় ক্রিকেটার ভিজেডি পদ্ধতি তৈরি করেছিলেন। আমার মনে হয় সেটা অনেক ভালো। এটা দুই দলকেই সমান সুযোগ দেয়। বিসিসিআইও ঘরোয়া ক্রিকেটে ভিজেডি পদ্ধতি ব্যবহার করে, তবে এখন নিশ্চিত নই।”
গাভাস্কার আরও বলেন, “এটা এমন একটা বিষয়, যা আইসিসিকে খতিয়ে দেখা উচিত। বৃষ্টির কারণে খেলা থামলে দুই দলই যেন মনে করে তাদের দেওয়া লক্ষ্য ন্যায্য ও সঠিক।”
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ৮ রানে ফিরলেও কোহলি আউট হয়েছেন শূন্য রানে। তবে এই দুই তারকার ফর্ম নিয়ে চিন্তিত নন গাভাস্কার।
তিনি বলেন, “ভারত সত্যিই দারুণ একটি দল। মাত্র চার-পাঁচ মাস আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। রোহিত ও কোহলি পরের দুই ম্যাচে বড় রান করলে আমি অবাক হব না।”
“বিরতির পর ফিরছেন তারা। নেটে বেশি অনুশীলন ও রিজার্ভ বোলারদের ভালো থ্রোডাউন পেলে তারা দ্রুত ছন্দে ফিরবেন। একবার ছন্দে ফিরলে ভারতের রান হবে ৩০০-৩২০-এর বেশি।”গাভাস্কারের ডিএলএস সমালোচনা