চোট কাটিয়ে তিন মাস পর ক্রিকেটে ফিরছেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট, এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করা পান্ত এবার সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন। শুধু খেলবেন না, ভারত ‘এ’ দলের নেতৃত্বও দেবেন এই বাঁহাতি তারকা।
চোটের সেই মুহূর্ত
ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছিলেন পান্ত। ৬৮তম ওভারে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বল না লেগে তার ডান পা আঘাত পায়। তাৎক্ষণিক রক্ত বের হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পায়ে ভর দাঁড়াতে না পারায় মাঠ ছাড়তে হয় তাকে। ওই টেস্টে তার বদলে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।
দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাটিং করলেও চোটের গুরুতর অবস্থার কারণে শেষ টেস্টে খেলতে পারেননি পান্ত। এই চোটের জন্য এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চলমান অস্ট্রেলিয়া সফরেও ছিলেন না তিনি।
ফিরছেন ধামাকার সঙ্গে
তিন মাস পর চোট কাটিয়ে ফিরছেন পান্ত। আগামী ৩০ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর। দুটি ম্যাচেই ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পান্ত, সহ-অধিনায়ক থাকবেন সাই সুদর্শন।
প্রথম ম্যাচে পান্তের সঙ্গে থাকবেন এন জাগাদিশান, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, আনশুল কাম্বোজ ও খলিল আহমেদের মতো ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচে জাতীয় দলের তারকা লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও চোট থেকে ফেরা আকাশ দীপ খেলবেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা হার্শ দুবে ও তানুশ কোটিয়ানও স্কোয়াডে আছেন।
ভারত ‘এ’ দলের স্কোয়াড
প্রথম চারদিনের ম্যাচ: ঋষভ পান্ত (অধিনায়ক), আয়ুশ মাহাত্রে, এন জাগাদিশান, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, আনশুল কাম্বোজ, ইয়াশ ঠাকুর, আয়ুশ বাদোনি, সারাংশ জৈন, গুরনর ব্রার, খলিল আহমেদ।
দ্বিতীয় চারদিনের ম্যাচ: ঋষভ পান্ত (অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনর ব্রার, অভিমন্যু ইশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।ঋষভ পান্তের প্রত্যাবর্তন