ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি প্রধান এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠিয়ে অবিলম্বে এশিয়া কাপের ট্রফি ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে।
'উত্তর না পেলে আইসিসি-কে জানাব'
বিসিসিআইয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নকভি-র কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে এই বিতর্কিত বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে উত্থাপন করা হবে।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেছেন, "আমরা ধাপে ধাপে এগোচ্ছি। নকভি-র কাছ থেকে কোনো উত্তর না পেলে আইসিসিকে বিষয়টি জানাব।"
ট্রফি বিতর্কের মূল কারণ কী?
ট্রফি বিতর্কের মূল কারণ ছিল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নকভি-র হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নকভি সম্পূর্ণ অনুষ্ঠান বাতিল করেন এবং ট্রফিটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফিটি এসিসি-র দুবাই অফিসে পড়ে আছে।
বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা গত ৩০ সেপ্টেম্বরের এসিসি বৈঠকেও নকভি-র আচরণের কড়া নিন্দা জানান। তিনি বলেন, "এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।"
বিসিসিআই সচিব সাইকিয়া নকভি-র আচরণকে "অপেশাদার ও খেলাধুলার চেতনার পরিপন্থী" বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, "আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে নকভি-র হাত থেকে ট্রফি নেব না। কিন্তু তাই বলে তিনি সেটি নিয়ে চলে যাবেন—এটি একেবারেই অনুচিত ও অখেলোয়াড়সুলভ।"