ভারতের বিশাখাপত্তনমের একটি টিম হোটেলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা! অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল এখন ইন্দোরে। তারা আগামী শনিবার, ২৫ অক্টোবর, প্রথম পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। কিন্তু তার আগে, হোটেলের ডাইনিং হলে ঘটে গেছে এমন কাণ্ড, যা নিয়ে হইচই পড়ে গেছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তাদের ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটা ইঁদুর ছুটে যায়! এ দৃশ্য দেখে কয়েকজন ক্রিকেটার আতঙ্কে চিৎকার করে ওঠেন। এমনকি কেউ কেউ ভয়ে চেয়ারের ওপর উঠে বসেন!

হোটেলের কর্মীরা তৎক্ষণাৎ ছুটে এসে ইঁদুর ধরার চেষ্টা করেন। কিন্তু ইঁদুরটি এদিক-ওদিক দৌড়াতে থাকে, আর পুরো ডাইনিং হল একেবারে তছনছ হয়ে যায়। এই হাস্যকর কিন্তু বিব্রতকর ঘটনা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক মাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে নারী ক্রিকেটাররা হাসতে হাসতে ঘটনার বর্ণনা দিয়েছেন।
ক্রিকেটার কিম গার্থ বলেন, “আমরা খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা এল! ভাবলাম, ও চলে গেছে। কিন্তু না, আবার ফিরে এল! তখন সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলাম।” এই ঘটনার পর ভারতের হোটেলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠছে।

 

Walton Ads