২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে সপ্তাহখানেক পর। সেখানেই ঠিক হবে কোন দল কোন গ্রুপে পড়বে। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে ফিফা।
নতুন নিয়ম অনুযায়ী, নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে স্পেন ও আর্জেন্টিনা ফাইনালের আগ পর্যন্ত মুখোমুখি হবে না। একই নিয়ম প্রযোজ্য ফ্রান্স ও ইংল্যান্ডের ক্ষেত্রেও। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনাই নেই এই চার শক্তিশালী দলের।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ড্র প্রক্রিয়ার নিয়ম ঘোষণা করতে গিয়ে ফিফা জানায়—৪৮ দলের বিস্তৃত ফরম্যাটে প্রতিযোগিতার ভারসাম্য রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কনফেডারেশনভিত্তিক নিয়ম আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ একই অঞ্চলের দুই দল একই গ্রুপে রাখা যাবে না (উয়েফা ছাড়া); যেহেতু ইউরোপের দলই রয়েছে ১৬টি, তাই এক গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।
এখন পর্যন্ত ৪২টি দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি ৬টি জায়গা পূরণ হবে বিভিন্ন প্লে-অফের মাধ্যমে।
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। আর পরের দিন, ৬ ডিসেম্বর, প্রকাশ করা হবে ম্যাচ সূচি ও কোন স্টেডিয়ামে কোন খেলা হবে। চারটি পট থেকে ৪৮ দলকে ভাগ করে গড়া হবে ১২টি গ্রুপ।
পট-১ এ রয়েছে আয়োজক দেশগুলো—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এদের সঙ্গে আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
পট-২-এ থাকবে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
পট-৩-এ থাকবে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
পট-৪-এ থাকবে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’-এর বিজয়ী দল এবং ফিফার দুটি আন্তমহাদেশীয় প্লে-অফ জয়ী দল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। আর ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে ২০২৬ বিশ্বকাপের এই রোমাঞ্চকর যাত্রা।
FIFA World Cup 2026, World Cup draw, Spain Argentina advantage, France England advantage, FIFA ranking teams, World Cup pots, 48-team World Cup, USA Mexico Canada World Cup, World Cup groups, FIFA rules, UEFA teams, World Cup playoffs, global football news, World Cup schedule, 2026 tournament structure