দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা অবশেষে মুখ খুললেন কোচ শুকরি কনরাডের বহুল সমালোচিত “grovel” মন্তব্য নিয়ে। গুয়াহাটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের পর বুধবার, ২৬ নভেম্বর তিনি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। একই সঙ্গে মনে করিয়ে দেন কলকাতা টেস্টে জাসপ্রিত বুমরাহর তাঁর উচ্চতা নিয়ে করা “বাউনা” মন্তব্যের কথাও।

কোচ কনরাডের মন্তব্য ঘিরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার আনিল কুম্বলে, চেতেশ্বর পূজারা এবং আকাশ চোপড়া। তাদের মতে, ক্রিকেট ইতিহাসে “grovel” শব্দটির অতীত এতই সংবেদনশীল যে এমন মন্তব্য অপ্রয়োজনীয় এবং হতাশাজনক।

শব্দযুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা বাভুমার: ‘কোচের কথাটা আজ সকালে শুনেছি’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাভুমা স্পষ্ট জানিয়ে দেন—তিনি কোচের মন্তব্যের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চান না।

তিনি বলেন,
“কোচের মন্তব্য আজ সকালে শুনেছি। খেলায় মনোযোগী ছিলাম, কথা বলার সুযোগ পাইনি। শক্রি প্রায় ৬০ বছরের মানুষ, তিনি নিজেই নিজের মন্তব্য বিচার করবেন।”

তার মন্তব্যই স্পষ্ট করে দেয়, দলীয় নেতৃত্ব এই বিতর্ক থেকে নিজেকে আলাদা রাখতে চাইছে।

১৯৭৬ সালে ইংল্যান্ড অধিনায়ক টনি গ্রেগ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বলেছিলেন—তিনি ক্যারিবীয় দলকে “grovel” করাতে চান।
আর সেই মন্তব্যই আগুন ধরিয়ে দেয় ইতিহাসে। ক্লাইভ লয়েডের দল প্রতিশোধে জ্বলে উঠেছিল ভয়ংকরভাবে।


ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয়

ভিভ রিচার্ডস একাই করেন ৮২৯ রান

মাইকেল হোল্ডিং নেন ২৮ উইকেট

সমালোচনার চাপে টনি গ্রেগ হারান অধিনায়কত্ব এবং ক্রিকেটজগতের সম্মান

এই ইতিহাসের কারণেই শব্দটি নিয়ে এত সংবেদনশীলতা। তবু দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে ডে–৪ শেষে ঠিক এই শব্দই ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড, যখন তার দল ছিল বড় জয়ের দোরগোড়ায়।

অবশেষে ৪০৮ রানের বিশাল জয়ে তারা সিরিজ করে ২-০—২৫ বছর পর ভারতের মাটিতে প্রোটিয়াদের প্রথম টেস্ট সিরিজ সাফল্য। এর আগে কলকাতায় ৩০ রানে জিতেছিল তারা।

বুমরাহর ‘বাউনা’ খোঁচাও মনে রেখেছেন বাভুমা

বিতর্ক শুধু এক দিক থেকেই হয়নি—এ কথাও মনে করিয়ে দেন বাভুমা।

তিনি বলেন—
“এই সিরিজে কয়েকজন সীমা ছাড়িয়ে গেছে। বলছি না কোচ সীমা ছাড়িয়েছেন, তবে তিনি অবশ্যই ভাববেন। কিন্তু অন্য দিক থেকেও কিছু মন্তব্য এসেছে।”

কলকাতা টেস্টে স্টাম্প মাইকে ধরা পড়ে জাসপ্রিত বুমরাহর একটি মন্তব্য। তেম্বা বাভুমার এলবিডব্লিউ আবেদন নিয়ে রিশভ পন্তকে তিনি বলেন—
“বাউনা ।”
হিন্দি এই মন্তব্য, যার মানে ছোট/খাটো মানুষ—তা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।

মোট কথা, মাঠে লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইটাও দারুণ উত্তপ্ত ছিল এই সিরিজজুড়ে।

 

Walton Ads