যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনাল ড্র বয়কট করছে ইরান। শুক্রবার দেশটির ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, তারা ফিফাকে সরাসরি জানিয়েছে—এই সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। তাই ইরানি প্রতিনিধিদল ড্র অনুষ্ঠানে  হবে না।

ইরানি ক্রীড়া ওয়েবসাইট ‘ভারজেশ ৩’ জানায়, ড্র অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানের প্রতিনিধিদলে থাকা কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকার করে। ভিসা না পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেডারেশন সভাপতি মেহদি তাজও।

বৃহস্পতিবার প্রতিক্রিয়ায় মেহদি তাজ বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ করা হয়েছে—এই অনাকাঙ্ক্ষিত আচরণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে বলার জন্য।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধিদলের চার সদস্য ভিসা পেয়েছেন এবং ৫ ডিসেম্বরের ড্রয়ে উপস্থিত থাকার সুযোগ ছিল তাদের। এই তালিকায় জাতীয় দলের কোচ আমির ঘালেনোয়িও আছেন।

ইরান মার্চে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে—যা তাদের টানা চতুর্থ এবং মোট সপ্তমবারের উপস্থিতি। তবে দলটি কখনোই নক-আউট পর্বে উঠতে পারেনি।

বিশ্ব ফুটবলে ইরান–যুক্তরাষ্ট্র ম্যাচ সবসময়ই বিশেষ আগ্রহের জন্ম দেয়। ১৯৯৮ বিশ্বকাপে ইরান ২–১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেশজুড়ে আনন্দের জোয়ার তুলেছিল। পরে ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সেই হারের বদলা নেয় ১–০ গোলের জয়ে।

আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চার দশকেরও বেশি সময় ধরে চলছে রাজনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক বছরগুলোয় পারমাণবিক ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা চললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়ে গেছে।

 

Walton Ads