অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দল ঘোষণা করা হয় শুক্রবার। উল্লেখ্য, সিনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারতের হাতে ট্রফি তুলে দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। সেই বিতর্কের মধ্যেই এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে চলেছে ভারত।

এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে গ্রুপ পর্বেই আগামী ১৪ ডিসেম্বর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে। এই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, সদ্য শেষ হওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার দিয়েছিল বৈভব সূর্যবংশীর নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই টুর্নামেন্টে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয় ভারত, এবং চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

সেই ব্যর্থতা কাটিয়ে এবার নতুন উদ্যমে এশিয়া কাপে নামছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। দলের নেতৃত্বে থাকবেন চেন্নাই সুপার কিংসের হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন যিনি, সেই আয়ুষ মাত্রে। আগের টুর্নামেন্টের অধিনায়ক বৈভব সূর্যবংশীকেও দলে রাখা হয়েছে।

টুর্নামেন্ট শুরুর দিনই, অর্থাৎ ১২ ডিসেম্বর, কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দলের বিরুদ্ধে খেলবে ভারত। যদিও এই টুর্নামেন্টটি টি-২০ নয়, বরং ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২১ ডিসেম্বর, এবং সমস্ত ম্যাচই দুবাইতে আয়োজিত হবে।

ভারতীয় দল:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিং, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিশান কুমার সিং, উদ্ধব মোহন, অ্যারন জর্জ।

এই টুর্নামেন্টে মোট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে আরও দুটি কোয়ালিফায়ার দল, যাদের পরিচয় এখনও ঠিক হয়নি। অন্যদিকে, অপর গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং একটি কোয়ালিফায়ার দল।

 

Walton Ads