চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে বাজে পারফরম্যান্স এবং হারের ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে নেমেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কিন্তু আলাভেসের বিরুদ্ধে লা লিগার ম্যাচ শুরুতেই যেন পুরোনো শঙ্কা। শুরুতেই গোল খেয়ে বসেছিল কাতালান ক্লাবটি! তবে সেই শঙ্কার কালো মেঘ বেশিক্ষণ জমতে দেননি তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাঁর এবং দানি ওলমোর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জয়ের পথে ফিরেছে বার্সা।
ক্যাম্প ন্যু-তে শনিবার লা লিগার ম্যাচে হান্সি ফ্লিকের দল আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর, ইয়ামাল একটি দর্শনীয় গোলে সমতা ফিরিয়ে আনেন। এরপরের গল্পটা দানি ওলমোর। তিনি একাই জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে। ১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে তাদের মোট পয়েন্ট এখন ৩৪।
দ্বিতীয় স্থানে নেমে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৩২ হলেও তারা একটি ম্যাচ কম খেলেছে। রোববার জিরোনার বিপক্ষে জিতলে মাদ্রিদের দলটি আবারও টেবিলের শীর্ষে ফিরতে পারবে।