বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম শেষ হয়েছে টাকার ঝনঝনানিতে ভরপুর এক জমজমাট দিনে। সব প্রতিযোগীকে পেছনে ফেলে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

দেশি খেলোয়াড়দের কদর এবার নিলাম টেবিলে ছিল চোখে পড়ার মতো। নাঈমের পর দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাওহীদ হৃদয়—৯২ লাখ টাকায় তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। একই দল লিটন দাসকে দলে ভিড়িয়েছে ৭৫ লাখ টাকায়, দামি ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং পেসার তানজিম হাসান সাকিব পেয়েছেন ৬৮ লাখ টাকা করে। সাইফউদ্দিন গেছেন ঢাকা ক্যাপিটালসে, আর তানজিম যোগ দিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সে।

নিলামের বড় চমক ছিলেন তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া পেসার নাহিদ রানা ও ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী পেয়েছেন ৫৬ লাখ টাকা করে।

এক নজরে বিপিএল নিলামের সেরা ১০ দামি ক্রিকেটার

১. মোহাম্মদ নাঈম শেখ – ১ কোটি ১০ লাখ টাকা (চট্টগ্রাম রয়্যালস)
২. তাওহীদ হৃদয় – ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৩. লিটন দাস – ৭৫ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৪. মোহাম্মদ সাইফউদ্দিন – ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৫. তানজিম হাসান সাকিব – ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)
৬. নাহিদ রানা – ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)
৭. শামীম হোসেন পাটোয়ারী – ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৮. মোহাম্মদ মিঠুন – ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)
৯. হাবিবুর রহমান সোহান – ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)
১০. সৈয়দ খালেদ আহমেদ – ৪৭ লাখ টাকা (সিলেট টাইটান্স)

 

Walton Ads