এবারের লা লিগায় ভালো সময় কাটছে না রিয়াল মাদ্রিদের। টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে আরও পিছিয়ে গেল শাবি আলোনসোর দল।
রোববার দিবাগত রাতে জিরোনার মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল না রিয়াল। প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলতে খেলতেই এক গোল হজম করে তারা। বিরতির পর ম্যাচে ফিরে আসে ঠিকই, কিন্তু জয় তুলে নিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মাদ্রিদকে।
স্বাগতিকদের হয়ে ওনাহি প্রথমে গোল করে জিরোনাকে এগিয়ে দেন। এরপর পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে।
লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করল রিয়াল।
এখন ১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
অবনমন অঞ্চলে থাকা জিরোনার বিপক্ষে রিয়াল ২৫টি শট নিলেও মাত্র ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জিরোনার ১০ শটের ৪টিই ছিল টার্গেটে, যা তাদের প্রতিপক্ষকে যথেষ্ট ভুগিয়েছে।