ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ভবিষ্যতের প্রশ্ন এড়িয়ে গিয়ে বর্তমানের উপরই জোর দিয়েছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেললেও, ২০২৭ সালের বিশ্বকাপে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে দলে রাখা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারল না টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ পরের সাংবাদিক সম্মেলনে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সামনে ২০২৭ বিশ্বকাপের দলে দুই প্রবীণ তারকার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। জবাবে কোচ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সম্পূর্ণ অনীহা প্রকাশ করেন।

তিনি সাফ জানিয়ে দেন, "বুঝতে পারছি না, এ সব নিয়ে এখনই আমাদের ভাবতে হবে কেন? কোহলি সত্যি অসাধারণ ব্যাট করছে। ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।"

কোটাকের বক্তব্য ছিল পরিষ্কার— আলোচনা শুধু রোহিত ও কোহলির বর্তমান ফর্ম নিয়েই হওয়া উচিত, তাদের বয়স বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নয়।

তিনি আরও যোগ করেন, "কোহলি যেভাবে ব্যাট করছে, সেটা বিশাল ব্যাপার। আর যে ভাবে তিনি তার ফিটনেস ধরে রেখেছেন, সেটাই সবচেয়ে অবাক করার মতো। এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই আমি দেখছি না।"

এই মন্তব্যের মাধ্যমে ভারতীয় দল পরিচালনাকারীরা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে, নিকট ভবিষ্যতের চেয়ে বর্তমান পারফরম্যান্স ও ফিটনেসই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা ও বিরাট কোহলি— ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ ২০২৭ বিশ্বকাপে খেলবেন কিনা, সে সিদ্ধান্ত হয়তো সময়ই বলবে।

 

Walton Ads