স্পোর্টস ডেস্ক: বিরাট খবর ক্রিকেটপ্রেমীদের জন্য! মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার হাত বাড়াল ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে। লন্ডনের দুর্দান্ত পারফর্ম করা দল ওভাল ইনভিনসিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে আম্বানি পরিবার। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে রিলায়েন্সের তরফে।
ওভাল ইনভিনসিবলস তো এমনিই রাজা! গত পাঁচ মরশুমে পাঁচটা শিরোপা জিতেছে দলটা। মহিলা দল ২০২১ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে, আর পুরুষ দল ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত টানা তিনবার খেতাব নিজেদের করে নিয়েছে। এবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হওয়ায় লিগটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ও ইসিবি। কিন্তু এখন বেচাকেনা শুরু হতেই সুযোগটা কাজে লাগাল রিলায়েন্স। সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের কাছ থেকে ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা। ফলে দলের নতুন নাম পেয়েছে – পুরুষ ও মহিলা দুটো দলই এখন থেকে পরিচিত হবে
জানা গেছে, এই ৪৯ শতাংশ শেয়ার কিনতে খরচ হয়েছে ৬০.২৭ মিলিয়ন পাউন্ড, ভারতীয় টাকায় যা প্রায় ৭২৪ কোটি টাকা! বাকি ৫১ শতাংশ থাকছে সারে কাউন্টির কাছেই।
এর আগেই দ্য হান্ড্রেডে ঢুকে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালস। এবার সেই তালিকায় যোগ হল মুম্বই ইন্ডিয়ান্সের নাম।
সারে কাউন্টির চেয়ারম্যান অলি স্লিপার বলেছেন, “রিলায়েন্সের সঙ্গে চুক্তি হয়ে আমরা খুব খুশি।” অন্যদিকে আকাশ আম্বানি বলেছেন, “দ্য হান্ড্রেডের সবচেয়ে সফল দলের সঙ্গে কাজ করতে পেরে আমরা উত্তেজিত।”