স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে লিওনেল মেসি মানেই পায়ের জাদু, রেকর্ড আর সীমাহীন জনপ্রিয়তা। তাঁকে এক ঝলক দেখতে ভক্তরা লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধা করেন না। ৩৮ বছর বয়সেও মাঠে নেমে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে অনায়াসে গোল করে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে মাঠের বাইরেও মেসিকে নিয়ে চর্চা কম নয়। সুযোগ পেলে মদ্যপানেও যে তিনি বেশ সাবলীল, সেটাও নতুন নয়। আর এই অভ্যাস থেকেই এবার অপ্রত্যাশিতভাবে বিশাল লাভ হয়ে গেল বিশ্বের জনপ্রিয় নরম পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলার। এখানেই আবার নেটদুনিয়ায় ফিরে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। কিন্তু কেন?

ফুটবলার হিসেবে নিজের ফিটনেস ধরে রাখলেও মদ্যপানের অভ্যাস ছাড়েননি মেসি। বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনা—দলের সাফল্য উদযাপনের সময় সুরায় চুমুক দিতে বহুবার দেখা গেছে এলএমটেনকে। মদ্যপান করে উচ্ছ্বাসে মেতে ওঠা তাঁর পছন্দেরই একটি অংশ। এমনকি নেশায় ডুবে সব চিন্তা ভুলে হালকা মেজাজে থাকাটাও বেশ উপভোগ করেন তিনি। তাই ‘মাতাল’ হওয়ার কৌশল জানাতেও দ্বিধা করেননি মেসি।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি সাধারণত ওয়াইন পান করতে পছন্দ করেন। তবে দ্রুত নেশা ধরাতে চাইলে ওয়াইনের সঙ্গে সামান্য স্প্রাইট মিশিয়ে নেন। মেসির এই এক মন্তব্যই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

উল্লেখ্য, স্প্রাইট কোকা-কোলারই একটি জনপ্রিয় ব্র্যান্ড। মেসির এই কথার পর থেকেই কোকা-কোলার শেয়ারে হঠাৎ করে উল্লম্ফন দেখা যায়। শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের দাবি, এর ফলে মাত্র কয়েক দিনের মধ্যেই কোকা-কোলার বাজারমূল্য প্রায় ১২.৯ বিলিয়ন ডলার বেড়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো—মেসি নিজে কিন্তু কোকা-কোলার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অথচ তিনিই আবার কোকা-কোলার ব্র্যান্ড স্প্রাইট দিয়ে মদ্যপানের কথা বলছেন!

এই ঘটনাতেই নেটিজেনরা টেনে আনছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রসঙ্গ। কারণ, ২০২১ ইউরো কাপ চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো টেবিল থেকে কোকা-কোলার বোতল সরিয়ে রেখে পানির বোতল দেখিয়ে বলেছিলেন, ঠান্ডা পানীয় নয়—পানি পান করাই সবচেয়ে ভালো। তাঁর সেই এক মন্তব্যেই রাতারাতি বড় ধাক্কা খায় কোকা-কোলার ব্যবসা।

পর্তুগিজ মহাতারকার ওই বক্তব্যের পর শেয়ারবাজারে কোকা-কোলার মূল্য ব্যাপকভাবে কমে যায়। বলা হয়, রোনাল্ডোর একটি বাক্যেই প্রায় ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল মার্কিন এই পানীয় জায়ান্টের।

 

Walton Ads