একজন ক্রিকেট জগতের 'ঈশ্বর', অন্যজন বলিউডের 'শাহেনশা'। বয়সে কিছু পার্থক্য থাকলেও একে অপরের প্রতি দুজনেরই রয়েছে অগাধ শ্রদ্ধা। শচীন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চনকে একসাথে পাওয়াটাই ভক্তদের জন্য বিশাল পাওনা। কিন্তু কী হবে যদি এই দুই দিকপাল সত্যিকারের ক্রিকেট মাঠে নামেন? সেই স্বপ্নটাই সত্যি করে দেখালেন শচীন ও অমিতাভ। জিতলেন তবে কে?

খেলাটা অবশ্য স্ট্রেডিয়ামের ২২ গজের নয়, বরং হাতের মুঠোর মধ্যেই। তাঁরা খেললেন 'ফিঙ্গার ক্রিকেট'। এই খেলায় ব্যাট-বলের কোনও দরকার পড়ে না। শুধু হাতের আঙুল দিয়েই হয়ে যায় পুরো খেলা। পদ্ধতিটা কী? এক পক্ষ ব্যাটিং করেন, অন্যপক্ষ বোলিং। দুজনেই একসাথে হাতের আঙুল দেখান। ব্যাটসম্যান যতগুলো আঙুল দেখাবেন, তত রান হবে। কিন্তু ব্যাটসম্যান এবং বোলার যদি একই সংখ্যক আঙুল দেখান, তাহলে ব্যাটসম্যান আউট!

শচীন-অমিতাভের এই ফিঙ্গার ক্রিকেটের ভিডিওতেই এখন মজে রয়েছে নেটিজেনরা। যতই ছোট খেলা হোক না কেন, ভক্তদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই ঘটনা। বিগ বি স্বয়ং সোশ্যাল মিডিয়ায় তাদের খেলার একটি মজাদার ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, 'ক্রিকেটের ঈশ্বরের সাথে ফিঙ্গার ক্রিকেট খেলছি।' গুজরাটের সুরাটে চলছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। সেই ইভেন্টেই হয় দুই কিংবদন্তির এই সাক্ষাৎ।

প্রথম ম্যাচে মাত্র ৫ রান করেও জয় তুলে নেন অমিতাভ বচ্চন। যেহেতু প্রথমবার খেলছিলেন, তাই শচীনের একটু প্রস্তুতির অভাবও ছিল বলে মনে হলো। তবে দ্বিতীয় ম্যাচে কামব্যাকের চেষ্টা করলেন মাস্টার ব্লাস্টার। প্রথমে ব্যাট করে অমিতাভ করেন ১২ রান। জবাবে শচীনও ১২ রানের বেশি করতে পারলেন না। ফলে ম্যাচটি ড্র হলো। দুই ম্যাচের 'সিরিজ' হিসেবে ধরলে জয়ী হলেন অমিতাভই।

তবে শচীন তো হাল ছাড়ার পাত্র নন! তিনি ফিরতি 'হুঁশিয়ারি' দিয়েই রেখেছেন, 'আবার একটা ম্যাচ হোক কি? এবার গলি ক্রিকেটে?' এবার কী জবাব দেন অমিতাভ? সেটাই দেখার অপেক্ষায় থাকলেন অসংখ্য ভক্ত।

 

Walton Ads