কোচ শাবি আলোনসোর বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধরনের ধস খেলো রিয়াল মাদ্রিদ। স্পেনের কোপা দেল রে টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ তারা হেরে গেল ‘সেগুন্ডা ডিভিশন’-এর (দ্বিতীয় লিগ) দল আলবেসেতের কাছে ৩-২ গোলে। এই পরাজয়ের মানে হলো, কাপ থেকে ছিটকে গেল মাদ্রিদের দলটি।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদের এই প্রথম খেলা। কিন্তু নতুন কোচের কোনও জাদুই কাজে এলো না। শাবি আলোনসো গত ১২ জানুয়ারি ক্লাব ছাড়ার পর মাঠে নামতেই এ রকম অপ্রত্যাশিত ফল দেখতে হলো সাদা জার্সিধারীদের ভক্তদের।

খেলায় রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও গঞ্জালো গার্সিয়া। কিন্তু আলবেসেতে জেফতে বেটানকোর দুই গোল এবং জাভি ভিয়ার এক গোলের মুখে টিকতে পারেনি তারা।

এই হারটির গুরুত্ব আরও বেড়ে যায় আলবেসেতের সাম্প্রতিক নাজুক ফর্ম দেখলে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয়ের আগে তারা নিজেদের শেষ তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি! গ্রেনাডার সাথে ১-১ গোলে ড্র, লেগানেসের কাছে ১-৩ গোলে হার এবং রিয়াল সোসিয়েদাদের 'বি' দলের সাথে ০-০ গোলে ড্র করেছিল তারা। তারপরই এসেছে রিয়াল মাদ্রিদকে হারানোর মতো বড় অঘটন।

গত নভেম্বর মাসে লিভারপুলের কাছে হারার পর থেকেই শাবি আলোনসোর দলটি ধাক্কা খেতে শুরু করে। পরের আট ম্যাচে তারা মাত্র দুটিতে জয় পায়। যদিও এরপর টানা পাঁচ ম্যাচ জিতে তারা কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু তাতেও ক্লাব কর্তাদের আস্থা ধরে রাখা সম্ভব হয়নি। শেষমেষ নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু নতুন যুগের শুরুতেই এমন মর্মান্তিক হার কোচ ও দল উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

 

Walton Ads