তাঁর ক্যারিয়ার এখন চরম দুঃসময়েই। শেষ তিন বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে উঠেননি। ঘরোয়া ক্রিকেটেও উপস্থিতি এখন অনিয়মিত। এখন ভরসা নামমাত্র আইপিএল-ই। যুজবেন্দ্র চাহালের অদূর ভবিষ্যতে জাতীয় দলে ফেরার আশাও ক্রমশ ক্ষীণ। এমন পরিস্থিতিতেই শোনা গিয়েছিল, তিনি বিকল্প ক্যারিয়ার হিসেবে বিনোদন জগতে পা রাখতে চলেছেন, এমনকি তাঁর সাবেক স্ত্রী ধনশ্রী বর্মার সাথে একই রিয়েলিটি শোতে অংশ নেবেন।
কিন্তু এই সব গুঞ্জন ও জল্পনাকল্পে এবার স্থায়ী ইতি টানলেন স্বয়ং চাহাল। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এসব কিছুই ঘটছে না।
কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, অতীতের তিক্ততা ভুলে চাহাল ও ধনশ্রী আবারও একে অপরের কাছাকাছি আসছেন এবং 'দ্য ৫০' নামক একটি রিয়েলিটি শোতে অংশ নিতে চলেছেন। বলা হচ্ছিল, ক্রীড়া, বিনোদন ও ইন্টারনেট জগতের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে তৈরি এই শোতে দেখা যাবে প্রাক্তন এই দম্পতিকে।
কিন্তু চাহাল সরাসরি এই ধরনের সব খবরকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর এই ধরনের কোনো রিয়েলিটি শোতে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং এমন কোনো আলোচনাও হয়নি।
সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব কিংসের এই স্পিনার পরিষ্কার ভাষায় বলেছেন, যেভাবে তাঁর নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে তাতে তিনি অত্যন্ত বিরক্ত। চাহালের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে তাঁর টিম সাফ জানিয়ে দিয়েছে, "রিয়েলিটি শোতে চাহালের অংশগ্রহণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘুরছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই সব জল্পনা কাল্পনিক ও ভিত্তিহীন। চাহালের সঙ্গে এই শো নিয়ে কোনোরকম আলোচনাও হয়নি।"
এর অর্থ স্পষ্ট, চাহাল এই মুহূর্তে ক্রিকেট ছেড়ে অন্য কোনও পেশার দিকে যাচ্ছেন না। তিনি এখন পুরো মনোযোগ দিচ্ছেন শুধুই ক্রিকেটে।
উল্লেখ্য, এক সময় চাহাল ভারতীয় দলের প্রথম পছন্দের স্পিনার ছিলেন, বিশেষ করে ওয়ানডে ও টি-২০ ফর্ম্যাটে ছিলেন অত্যন্ত নিয়মিত। কিন্তু গত কয়েক বছরে দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতায় তিনি বেশ পিছিয়ে পড়েছেন। বাস্তবে তাঁর ক্যারিয়ারেই যেন চলছে শনির দশা। তবুও তিনি আপাতত সমস্ত মনোযোগ দিচ্ছেন তাঁর মূল পেশা ক্রিকেটেই।