ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকি দিয়েছেন তিনি—এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে।
প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এই সিদ্ধান্ত জানিয়ে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও নিজেদের অবস্থান বদলায়নি বিসিবি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা স্পষ্টভাবে জানিয়েছে, ভারতে দল পাঠানো সম্ভব নয়।
এএনআইয়ের খবরে বলা হয়, ভারত সফরে বিশ্বকাপ খেলতে না এলে বাংলাদেশের বিরুদ্ধে কী ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যদিও ঠিক কী শাস্তি দেওয়া হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
এদিকে বিশ্বকাপে খেলার সম্ভাবনা পুরোপুরি ছাড়তে চায় না বিসিবি। ভারতে যেতে অস্বীকৃতি জানালেও নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। পাশাপাশি সেই আবেদন যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির (ডিআরসি) কাছে পাঠানো হয়, সে দাবিও জানিয়েছে বিসিবি।
তবে পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এই উদ্যোগে বাংলাদেশের বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা নেই। কারণ, আইসিসি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ডিআরসির কোনো ক্ষমতা নেই। ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ চাইলে ডিআরসিতে যেতে পারে। কিন্তু পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার অধিকার ওই কমিটির নেই।”
২২ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের কঠোর অবস্থান প্রকাশ করে বিসিবি। তবে আইসিসিকে আগে না জানিয়ে এভাবে সংবাদ সম্মেলন করায় ক্ষুব্ধ হয়েছেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। পিটিআইকে ওই কর্মকর্তা বলেন, “আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর খুবই বিরক্ত। আইসিসিকে জানানোর আগেই সংবাদ সম্মেলন করা হয়েছে। আসিফ নজরুল কথা বলেছেন, যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন। আইসিসিকে না জানিয়ে এমন সিদ্ধান্ত একেবারেই ঠিক হয়নি।”
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় কম থাকায় বাংলাদেশ ইস্যুতে আর দেরি করতে চায় না আইসিসি। আইসিসির ওই কর্মকর্তা দাবি করেছেন, আজকের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে স্কটিশ দলকে প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।