ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশেরই—এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি আরও বলেছেন, ইচ্ছামতো বিশ্বকাপের সূচি বদলানো যায় না, সেটা খুবই কঠিন কাজ।

নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাইছে না। কিন্তু আজহারউদ্দিনের সুর একদম ভিন্ন। তিনি বলেছেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। এখানে অভিযোগ করার কোনো জায়গা নেই।

আজহারউদ্দিন বলেন, “যদি তারা না আসে, তাহলে সেটা তাদেরই ক্ষতি। আমাদের দেশের নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই। এখন নিউজিল্যান্ড ভারতে খেলছে, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাও খেলে গেছে। কোনো দলই তো কোনো অভিযোগ করেনি। ভারত খুবই নিরাপদ দেশ।”

বাংলাদেশ চাইছে ভারতের বদলে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে। কিন্তু আজহারউদ্দিন সেই দাবি একদম নাকচ করে দিয়ে বলেন, “বিশ্বকাপের সূচি একবার ঠিক হয়ে গেলে ইচ্ছামতো এখানে-সেখানে সরানো যায় না। এটা খুব কঠিন ব্যাপার।”

এই টানাপোড়েনের শুরু হয়েছে বিসিসিআইয়ের সিদ্ধান্ত থেকে। তারা উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এটা বিসিবি খুব ভালোভাবে নিতে পারেনি।
প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় বলে জানিয়েছে। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Walton Ads