পুরুষ দলের সাফল্যের পালা শেষ না হতেই এবার স্প্যানিশ সুপার কাপ জয়ে মাতলেন বার্সেলোনার মেয়েরা। রিয়াল মাদ্রিদ নারী দলকে ২-০ গোলে পরাজিত করে নারীদের স্প্যানিশ সুপার কাপ শিরোপা সুরক্ষিত করেছে বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়াদের সাফল্যের মাত্র দু'সপ্তাহ পরেই এলো নারী দলের এই জয়।

শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বার্সেলোনা। তারা শুধু বলের দখলই বেশি রাখেনি, তৈরি করেছিল পরিষ্কার গোল করার সুযোগও। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ কিছু সুযোগ তৈরি করলেও বার্সেলোনার শক্তিশালী ডিফেন্স ভেদ করতে পারেনি।

প্রথমার্ধেই কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড এজমি ব্রুটসের হেডেড গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের যোগ করা সময়ে সফল স্পট কিক দিয়ে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস।

গতবারের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। এবারও তারা তাদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে।

পুরুষ দলের মতোই নারীদের স্প্যানিশ সুপার কাপেরও রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে তারা টানা পঞ্চমবার এবং সামগ্রিকভাবে ষষ্ঠবার এই শিরোপা জিতল। উল্লেখ্য, গত সাতটি আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা নারী দল।

 

Walton Ads