‘সব হতাশার মধ্যেই আলো থাকে’—এমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ মিস করছে টাইগাররা। ক্রিকেটীয় ও আর্থিক ক্ষতির অঙ্কটা অনেক বড়।

 তবুও এই হতাশা ও আফসোসের মাঝেও ভালো কিছু করার কথা জানালেন রকিবুল। শনিবার আইসিসির ঘোষণায় বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, “আমরা শুরুতে যে অবস্থান নিয়েছিলাম, সেটা ঠিক ছিল। এখানে একমাত্র অর্থই বড় শক্তি। বুঝতে হবে এখানে অনেক কিছুই আছে।

” বিশ্বকাপ না খেলায় আর্থিক ক্ষতির পাশাপাশি কয়েকটা সিরিজ ও টুর্নামেন্ট মিস হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বিশ্বকাপের পরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
এখন বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে—এ নিয়ে রকিবুল বলেন, “বিশ্বকাপ খেলা সবারই স্বপ্ন থাকে। 

আমরা ধারাবাহিকভাবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলে আসছি। এবার আমরা মিস করেছি কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এখান থেকেই নিজেদের আরও গুছিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, “খুবই ভালো সময় আমাদের ঘরোয়া ক্রিকেট গুছিয়ে নেওয়ার। এছাড়া বর্তমান বোর্ড আঞ্চলিক ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সেগুলো দেখার বিষয়। ঢাকা ও ঢাকার বাইরের লিগগুলো ভালোভাবে আয়োজন করা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটকে শক্ত অবস্থানে নেওয়া যেতে পারে।”

উগ্রবাদীদের চাপে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। এরপর বিসিবি ও আইসিসির মধ্যে কয়েক দফা আলোচনার পরও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। রকিবুল বলেন, “যা ঘটেছে এখন সেটা ফেরানো সম্ভব নয়।

 তবে এখানে থেমে গেলে হবে না। সামনের দিকে তাকাতে হবে। যে ঘরোয়া ক্রিকেট নিয়ে সবার আলোচনা, সেখানে বেশি করে চোখ দেওয়ার সময় এসেছে। বিশ্বকাপ খেলতে না পারার অবশ্যই হতাশা ও আফসোস থাকবে। সেগুলো নিয়ে বসে থাকলে হবে না।”
তিনি আরও বলেন, “এখন সব কিছুই ক্রিকেট বোর্ডের ওপর নির্ভর করছে। তারা কীভাবে এগোতে চায়।

 স্কুল ক্রিকেটে এই সময়ে মনোযোগ দেওয়া যেতে পারে। তবে যে যাই বলুক না কেন, আন্তর্জাতিক ক্রিকেট সামলাতে অনেক কিছু হিসাব করতে হয়। সেখানে ছোটখাটো বিষয় থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া এবং সেগুলো নেওয়া—এই কাজগুলো বোর্ডকেই করতে হয়। শেষ কথা হলো যেটা হয়ে গেছে সেটা বাদ দিয়েই খেলতে হবে।”
বাংলাদেশের সামনের পথচলা নিয়ে রকিবুল বলেন, “হয়তো একটা বিশ্বকাপ খেলছি না। এর ক্ষতি অনেক। সঙ্গে এটাও ঠিক, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে এগোতে হবে। নিজেদের শক্ত অবস্থানের জন্য তৈরি করতে হবে।”

 

Walton Ads