রোববার নর্থ লন্ডনে নাটকীয় ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা ছড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে প্যাট্রিক ডর্গু ও মাতেউস কুনিয়ার দুর্দান্ত দুই গোলেই মূলত ম্যাচের চিত্র পাল্টে যায়।

এই ম্যাচে জিতলে আর্সেনাল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে সাত পয়েন্টে এগিয়ে যেত। কিন্তু হারের কারণে সেই বড় সুযোগ হাতছাড়া হয় মিকেল আর্তেতার দলের। চলতি মৌসুমে ঘরের মাঠে এটিই আর্সেনালের প্রথম হার।

এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবার লিগে আর্সেনালের মাঠে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। যদিও শিরোপার দৌড়ে তারা সরাসরি নেই, তবে অন্তর্বর্তী কোচ হিসেবে মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তখন সবকিছুই যেন স্বাগতিকদের নিয়ন্ত্রণে ছিল।

তবে ৩৭ মিনিটে বড় ভুল করেন মার্টিন সুবিমেন্দি। তার ভুল পাস কুড়িয়ে নিয়ে ব্রায়ান এমবেউমো গোল করলে ম্যাচে ফিরে আসে ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫০ মিনিটে প্যাট্রিক ডর্গু দুর্দান্ত এক বাঁ পায়ের ভলিতে দলকে এগিয়ে দেন। বল ক্রসবার ছুঁয়ে জালে ঢুকে যায়, কিছুই করার ছিল না গোলরক্ষক ডেভিড রায়ার।

৮৪ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো কাছ থেকে বল ঠেলে গোল করলে সমতায় ফেরে আর্সেনাল। তখন মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে।

কিন্তু শেষ কথা বলে ইউনাইটেডই। বদলি হিসেবে নামা মাতেউস কুনিয়া সামনে এগিয়ে গিয়ে প্রায় ২৫ মিটার দূর থেকে নিচু শটে গোল করেন। রায়ার ঝাঁপও কোনো কাজে আসেনি। অতিথি সমর্থকদের উল্লাসে গর্জে ওঠে স্টেডিয়াম।

এই হারের পর আর্সেনাল টানা তিন ম্যাচে জয়হীন থাকল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫০। ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৬ করে। ইউনাইটেডের সংগ্রহ দাঁড়াল ৩৮ পয়েন্টে।

এর আগে গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড। অন্তর্বর্তী কোচ ক্যারিকের দ্বিতীয় মেয়াদের প্রথম ম্যাচেই সেই বড় জয় এসেছিল।

 

Walton Ads