স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ১১ জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মহাযজ্ঞ বসতে চলেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। ম্যাচ চলাকালীন একটি স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন আরও ১২ জন।
ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটো প্রদেশে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সালামানাকা শহরে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎই বন্দুকধারী হামলা চালায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কারা, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।
গুয়ানাজুয়াটো মেক্সিকোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বহু বড় কারখানা রয়েছে। তবে একই সঙ্গে এটি দেশটির সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর একটি হিসেবেও পরিচিত। সমাজবিরোধী ও অপরাধী চক্রের দাপটে প্রায়ই এই রাজ্য খবরের শিরোনামে উঠে আসে।
আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। উল্লেখযোগ্যভাবে, ২০১০ সালের বিশ্বকাপও শুরু হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। অর্থাৎ ১৬ বছর পর আবারও সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে।
কিন্তু তার আগেই এমন ভয়াবহ ঘটনায় চিন্তায় পড়েছে স্থানীয় প্রশাসন। চলতি মাসের শুরুতেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছ থেকে মানুষের দেহাংশ উদ্ধার হয়েছিল। এই স্টেডিয়ামও বিশ্বকাপের একটি ভেন্যু হিসেবে নির্বাচিত।
এছাড়া অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস ও লোমাস দেল রিফিউজো এলাকা থেকে উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। তার মধ্যেই এবার ম্যাচ চলাকালীন বন্দুকধারীর হামলা বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিল।