শেষ হয়েছে, কিন্তু শেষ হয়নি! পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে কি যাবে না, সেই চূড়ান্ত সিদ্ধান্তের তারিখ ফের পিছিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে হওয়া বিতর্কের জেরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আজ সোমবারই সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন সময় লাগবে।
গতকাল পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে ঠিকই। কিন্তু জানা গিয়েছিল, বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে শেষ কথাটি আসবে সরকারের কাছ থেকে। সেই লক্ষ্যেই আজ বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেন মহসিন নাকভি।
এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একটি টুইট পোস্ট করেন নাকভি। তাতে তিনি লেখেন, 'আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত পুরো বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে এই সমস্যার সুরাহা করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার নতুবা আগামী সোমবারের মধ্যে।'
গত কয়েক দিন ধরে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে বাংলাদেশকে নিয়ে। ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিক্রিয়ায় সরাসরি ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের সব ম্যাচ আয়োজনের দাবি তোলে।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সেই দাবি সরাসরি নাকচ করে দেয়। তারা তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে সুযোগ দেয় স্কটল্যান্ডকে। এই পুরো সময়জুড়ে বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান। এখন সেই সমর্থনের ধারাবাহিকতা রাখবে কি না, সেটাই এখন দেখার বিষয়।