অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সের প্রথম ম্যাচেই বড় হার দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজ ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল আজিজুল হাকিমদের দলের।
বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ যুব দল। কিন্তু মাত্র ৩৮.১ ওভারে অলআউট হয়ে যায় তারা, স্কোরবোর্ডে মোটে ১৩৬ রান। জবাবে ইংল্যান্ড যুবারা ১৫৫ বল বাকি রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সহজে। এই হারের পর ২০২০ সালে শিরোপা জেতার পর টানা তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ।
তবে যুব টাইগাররা এখনো দেশে ফিরছে না। সুপার সিক্সে তাদের আরেকটা ম্যাচ বাকি আছে। আগামী ৩১ জানুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে শেষ ম্যাচটা বাংলাদেশ।
গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে ভারতের পেছনে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ।
কিন্তু তাদের একমাত্র জয় ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে – আর সেই দল সুপার সিক্সে না উঠায় পয়েন্টটা বহাল থাকেনি। ভারতের কাছে হার আর নিউজিল্যান্ডের সাথে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সুপার সিক্স শুরু করে মাত্র ১ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে একই গ্রুপের ভারত আর ইংল্যান্ড শুরু করে ৪ পয়েন্ট নিয়ে। তাই সেমিফাইনালে ওঠার জন্য প্রথম ম্যাচে জিততেই হতো বাংলাদেশের – কোনো বিকল্প ছিল না।
কিন্তু চাপ সামলাতে পারেনি যুবারা। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই আউট জাওয়াদ আবরার। তারপর অধিনায়ক আজিজুল হাকিমের সাথে ওপেনার রিফাত বেগ গড়েন ৪৬ রানের জুটি। কিন্তু ইংলিশ অফ স্পিনার ফারহান আহমেদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ বলে ৩১ রান করা রিফাত। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে দল। অধিনায়ক আজিজুল হাকিম আর উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ (২৫) ছাড়া কেউ ২০ রানের কোঠাও ছুঁতে পারেনি।
রান তাড়ায় শুরুতে একটু আশা জাগান পেসার আল ফাহাদ। তৃতীয় ওভারে জোসেফ মুরসকে ফিরিয়ে দেন তিনি। পরে বেন ডকিন্সকে (২৭) আউট করে ৯ ওভারে ইংল্যান্ডকে ৩৯/২ বানিয়ে ফেলেন ফাহাদ। কিন্তু এরপর অধিনায়ক টমাস রুর সাথে ৭৮ রানের জুটি গড়ে ম্যাচ দূরে নিয়ে যান বেন মায়েস। মায়েস ৩৪ রান করে আউট হলেও টমাস রু অপরাজিত ৫৯ রান করে দলকে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কারও উঠে ইংলিশ অধিনায়কের হাতে।