সাবেক ফরাসি ফুটবলার বাকারি সানিয়া মনে করছেন, ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতবেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের এই রাইট উইঙ্গারকে নিয়ে এমন দৃঢ় ভবিষ্যদ্বাণীর পেছনে বেশ কিছু শক্ত যুক্তিও তুলে ধরেছেন তিনি।

২০২৬ সাল মানেই ফিফা বিশ্বকাপের বছর। এই সময়ে শুধু ক্লাব ফুটবল নয়, বিশ্বকাপে পারফরম্যান্সও ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া স্পষ্ট কণ্ঠে বলেন, ২০১৮ সালের পর এমবাপে আবারও বিশ্বকাপ জিততে চলেছেন।

২০১৮ বিশ্বকাপে এমবাপে ছিলেন তরুণ, সেটিই ছিল ফ্রান্সের হয়ে তাঁর প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স রানারআপ হয়। সেই টুর্নামেন্টের ফাইনালে হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে, যা তাঁর তারকা মর্যাদাকে আরও উজ্জ্বল করে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমবাপে এখন অনেক বেশি পরিপক্ব ও ভয়ংকর। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। ২০২৫–২৬ লা লিগা মৌসুমে এমবাপের গোল ২১, যা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ গোল বেশি। আর চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ১১টি, দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনের চেয়ে ৪ গোল এগিয়ে।

সব দিক বিবেচনায় সাবেক ফরাসি রাইট ব্যাক সানিয়ার বিশ্বাস, ২৭ বছর বয়সী এমবাপে বিশ্বকাপে সর্বাধিক গোল করবেন এবং ক্লাবের মতো আন্তর্জাতিক মঞ্চেও নিজের গোলের ধারা ধরে রাখবেন। এর ফল হিসেবেই ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর তাঁর হাতেই উঠবে।

সানিয়া বলেন,
“এমবাপে ব্যালন ডি’অর জিতবে। ফিফার সর্বোচ্চ এই সম্মাননা জেতার জন্য ২০২৬ সালই তার জন্য সেরা সময়।”

এমবাপের পাশাপাশি ফরাসি জাতীয় দল নিয়েও আশাবাদী সানিয়া। তিনি বলেন,
“আমি মনে করি, ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপটা তার জন্য দারুণ যাবে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগেও সে ভালো সময় কাটাবে। ব্যক্তিগত পারফরম্যান্সে সে ইতিমধ্যেই এগিয়ে আছে। বিশ্বকাপে যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে—যা আমি আশা করি না—তাহলে এই মৌসুমের ব্যালন ডি’অর এমবাপেই জিতবে।”

 

Walton Ads