ভারতের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশ দলকে বিশ্ব টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রভাব পড়তে পারে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। পুরো টুর্নামেন্ট বর্জন না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান সরকারের চূড়ান্ত অনুমতি নিতে যাচ্ছে পিসিবি। এ লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, ওই বৈঠকে বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। পরিস্থিতি জটিল হলে প্রয়োজনে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশ দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ জানাতেই পিসিবি এমন কঠোর অবস্থান নিতে পারে বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেছেন। খেলোয়াড়রাও চেয়ারম্যানের এই নীতিগত অবস্থানের প্রশংসা করেছেন এবং পূর্ণ সমর্থন জানিয়েছেন।

পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়ে মহসিন নাকভি বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত, আর আইসিসির দ্বিমুখী নীতি পিসিবি কোনোভাবেই মেনে নেয় না।

 

Walton Ads