স্পোর্টস ডেস্ক: বিশ্বাস করুন বা না করুন—ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ইতালি এবার ক্রিকেটে লিখে ফেলল ইতিহাস। টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তারা এমন এক কীর্তি গড়েছে, যা আগে কখনো হয়নি।

দুবাইয়ে অনুষ্ঠিত দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ার্ম-আপ ম্যাচে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ইতালি। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইসিসি পূর্ণ সদস্য দেশকে হারানোর গৌরব অর্জন করল তারা—খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

এর আগে শুক্রবার ও রোববার অনুষ্ঠিত প্রথম দুই প্রস্তুতি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল আয়ারল্যান্ড।

ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার পল স্টার্লিং করেন ৪৫ রান, তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। মার্ক অ্যাডায়ার যোগ করেন ২৫ রান এবং বেন ক্যালিটজ করেন ২২ রান।

তবে ইনিংসের শেষ দিকে বড় ধস নামে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে। মাত্র দুই ওভারের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে মাত্র ১৬ রান। ফলে দুই বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ইতালির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে। তিনি ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া গ্রান্ট স্টুয়ার্ট ও জেজে স্মাটস নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইতালির শুরুটা খুব ভালো ছিল না। টপ অর্ডারে ওয়েন ম্যাডসেন ৩৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। তার আউটের পর স্কোর দাঁড়ায় ১০৮–৫। এরপর জিয়ান-পিয়েরো মিয়াদে দ্রুত ফিরলে ১১১ রানে ছয় উইকেট হারায় দলটি। তখন জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৪৪ রান।

এই চাপের মুহূর্তে সপ্তম উইকেটে গ্রান্ট স্টুয়ার্ট ও মার্কাস ক্যাম্পোপিয়ানোর ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ইতালিকে জয়ের পথে এগিয়ে নেয়। স্টুয়ার্ট ১৯ বলে করেন ঝকঝকে ৩৩ রান, আর ক্যাম্পোপিয়ানো যোগ করেন ৮ রান। তিন বল হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইতালি।

আয়ারল্যান্ডের হয়ে বোলিংয়ে ম্যাথিউ হামফ্রিস ও মার্ক অ্যাডায়ার চার ওভার করে ২৩ রান দিয়ে নেন দুটি করে উইকেট।

আয়ারল্যান্ড ১৫৪ অলআউট (১৯.৪ ওভার): স্টার্লিং ৪৫, অ্যাডায়ার ২৫, ক্যালিটজ ২২; কালুগামাগে ৩–২৮
ইতালি ১৫৭–৬ (১৯.৩ ওভার): ম্যাডসেন ৩৯, স্টুয়ার্ট ৩৩; হামফ্রিস ২–২৩, অ্যাডায়ার ২–২৩

 

Walton Ads