নিরাপত্তার ভয়ে ভেন্যু বদলের আবেদন করেও কোনো সাড়া পায়নি বাংলাদেশ। উলটো আইসিসি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন বিশ্বকাপ বর্জনের হুমকি দিচ্ছে।
ক্রিকেটের এই বিভক্তি আর অস্থিরতা দেখে এবার মুখ খুললেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। তিনি সরাসরি বলছেন—ক্রিকেটে রাজনীতির নগ্ন হস্তক্ষেপ আর আইসিসির প্রশাসনিক ব্যর্থতার কারণেই খেলাটা এখন ভুল পথে চলছে।
টেলিকম এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক বলেন, “আইসিসিকে বাঁচাতে হলে এখনই তার শাসন কাঠামো পুরোপুরি পর্যালোচনা করা দরকার।”
এহসান মানি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন। পিসিবির সাবেক প্রধান হিসেবেও তিনি ক্রিকেটের অনেক কিছু দেখেছেন। তার মতে বর্তমানে আইসিসি যেভাবে চলছে, তাতে ক্রিকেট পুরোপুরি দিশেহারা হয়ে গেছে। খেলাটা পথ হারিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আইসিসির শাসন ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। তার একমাত্র সমাধান—সংবিধানে বড় পরিবর্তন এনে বোর্ডের অধিকাংশ পরিচালককে নিরপেক্ষ করে দেওয়া।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়েও তিনি কড়া সমালোচনা করেছেন ভারত ও আইসিসির। মানি বলেন, “বাংলাদেশকে নিয়ে পরিস্থিতি এতদূর গড়াতে দেওয়া একদমই উচিত হয়নি। আর নিলামে নাম তোলার পর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া তো বিসিসিআইয়ের পক্ষে একেবারেই অনুচিত ছিল।”
ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—এই সংকট থেকে বেরিয়ে আসতে আইসিসি কি সত্যিই কোনো পদক্ষেপ নেবে, নাকি খেলাটা আরও গভীর সংকটে পড়বে?