ভারতের ব্যাটার অজিঙ্কা রাহানে বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে না। তাঁর মতে, পাকিস্তানের এমন সিদ্ধান্ত নেওয়ার সাহসই নেই।
শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে ক্রিকবাজে মন্তব্য করতে গিয়ে রাহানে বলেন, “আমি মনে করি না তারা এটা করতে পারবে। তাদের সাহস নেই।”
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি বলেন, পাকিস্তান বিষয়টি নিয়ে অকারণে আলোচনা বাড়াচ্ছে। তাঁর ভাষ্য, পাকিস্তান শুধু ‘অপ্রয়োজনীয় আওয়াজ’ করছে, কিন্তু তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপে অংশ নেবে।
এদিকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি জানান, বিশ্বকাপে খেলবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল অথবা সোমবার।
এর আগে নাকভি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কড়া সমালোচনা করেছেন। তিনি আইসিসির বিরুদ্ধে **‘দ্বৈত নীতি’**র অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি তাদের সঙ্গে অন্যায় করেছে।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে না চাওয়ায় আইসিসি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।