ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালিস্ট দল বেছে নিয়েছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান। তার তালিকায় জায়গা করে নিয়েছে পাকিস্তান! ভারতীয় বিশ্লেষক প্যানেলে তিনিই একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানের ওপর এতটা আস্থা রেখেছেন।

একটি জনপ্রিয় ভারতীয় ক্রীড়া প্ল্যাটফর্মের বিশ্লেষণ অনুষ্ঠানে ইরফান পাঠান বলেন, তার সেমিফাইনালের পছন্দ—অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত আর ইংল্যান্ড। একই অনুষ্ঠানে ছিলেন রবিন উথাপ্পা, চেতেশ্বর পূজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার।
রবিন উথাপ্পা বেছে নিয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। চেতেশ্বর পূজারা, অনিল কুম্বলে ও আকাশ চোপড়া একসঙ্গে রেখেছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।

মোহাম্মদ কাইফের তালিকায় ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সুরেশ রায়না বেছে নেন ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। আর সঞ্জয় বাঙ্গার রাখেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে।
আইসিসির ‘ফিউশন ফর্মুলা’ অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ভারত ও পাকিস্তান একে অপরের দেশে আইসিসি ইভেন্টে খেলবে না নির্ধারিত সময়ের মধ্যে। তাই নিরপেক্ষ ভেন্যুতেই হবে ম্যাচ।

পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠে যায়, তাহলে দুই ম্যাচই হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে সেমিফাইনাল হবে কলকাতায় আর ফাইনাল আহমেদাবাদে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান বিশ্বকাপ শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।

সুপার এইট পর্ব চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। এই পর্বের ম্যাচ হবে কলম্বো ও কলকাতায়। প্রথম সেমিফাইনাল ৩ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল হবে ৮ মার্চ। ভেন্যু হবে আহমেদাবাদ অথবা কলম্বো।
ক্রিকেট ফ্যানদের মনে এখন উত্তেজনা—পাকিস্তান কি সত্যিই সেমিতে পৌঁছাবে? ইরফান পাঠানের এই ভবিষ্যদ্বাণী কি সত্যি হয়?

 

Walton Ads