আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান বড় শাস্তির মুখে পড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হতে পারে! এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন প্রধান এহসান মানি বড় দাবি তুলেছেন—আইসিসি পাকিস্তানকে কোনো শাস্তি দিতে পারবে না!
পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে। কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। তবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
এই সিদ্ধান্তের পর আইসিসি একটা বিবৃতি দিয়ে মধ্যস্থতার প্রস্তাব করেছে। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে, সেটাও জানিয়েছে। কিন্তু এহসান মানি এর সঙ্গে একমত নন। তিনি বলেন, পিসিবি শুধু সরকারের সিদ্ধান্ত মেনে চলছে। ভারতও তো একই কাজ করেছে—২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। সেই সিদ্ধান্ত ভারত সরকারের ছিল, তখন ভারতকে কোনো শাস্তি দেয়নি আইসিসি।
মানি বলেন, “সরকারের পরামর্শ মেনে চললে পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এর ভিত্তিতেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না!”
এই পরিস্থিতি ঠিকমতো হ্যান্ডেল না করায় আইসিসিকে কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রাক্তন চেয়ারম্যান। তিনি বলেন, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে অনেকদিন ধরে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছিল, কিন্তু আইসিসি উপেক্ষা করেছে।
মানি আরও বলেন, “দুর্ভাগ্যবশত, সমস্যার সমাধান না করে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তোমরা দেশের সরকারকে হস্তক্ষেপের সুযোগ দিয়েছো। বিশেষ করে পিসিবির চেয়ারম্যান বর্তমান সরকারের মন্ত্রী হওয়ার পরও!”
এহসান মানির এই দাবিতে ক্রিকেট দুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে। দেখার বিষয়, শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়!