ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির প্রতিভাবান ফরোয়ার্ড কাই রুনিকে ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে তুমুল আলোচনা। ইংল্যান্ড ও ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনির ১৬ বছর বয়সী ছেলেকে নাকি বিপুল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েছে ক্লাব—এমন খবর ছাপা হয় একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমে। তবে এবার সেই খবরের সত্যতা নিয়ে নিজেই মুখ খুলেছেন কাই রুনি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানসহ কয়েকটি রিপোর্টে বলা হয়, কাই রুনিকে শুরুতে এক বছরের স্কলারশিপ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যা পরবর্তীতে তিন বছরের পেশাদার চুক্তিতে রূপ নিতে পারে।

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়, সম্ভাব্য ওই চুক্তির সাপ্তাহিক মূল্য প্রায় ৫০ হাজার পাউন্ড, সঙ্গে থাকবে বার্ষিক সাইনিং ফি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে কোটি টাকা। যদিও তখনও রুনি পরিবার সেই প্রস্তাব গ্রহণ করেনি বলেই উল্লেখ করা হয়েছিল। — টি স্পোর্টস

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি কার্যত উড়িয়ে দিয়েছেন কাই রুনি নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘মেইলের কথা শুনো না।’ সঙ্গে ছিল কয়েকটি হাসির ইমোজি। কাইয়ের এই সংক্ষিপ্ত বার্তাকে সংবাদগুলোর সরাসরি অস্বীকৃতি হিসেবেই দেখছেন অনেকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে কাই রুনির যাত্রা শুরু হয় মাত্র ১১ বছর বয়সে। বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে খুব দ্রুতই নজর কাড়েন তিনি। গত মাসে ডার্বি কাউন্টির বিপক্ষে এফএ ইয়ুথ কাপ ম্যাচে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ওল্ড ট্রাফোর্ডে অভিষেক হয় তাঁর—যা তরুণ ফরোয়ার্ডের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

কাই রুনির প্রতি ইউনাইটেডের আগ্রহ থাকলে তা নতুন কিছু নয়। কারণ তাঁর বাবা ওয়েন রুনি ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০০৪ থেকে ২০১৭—এই সময়ের মধ্যে ইউনাইটেডের জার্সিতে ৫৫৯ ম্যাচে ২৫৩ গোল করেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল তাঁর—১২০ ম্যাচে ৫৩ গোল। যদিও ২০২৩ সালে সেই রেকর্ড ভাঙেন বর্তমান অধিনায়ক হ্যারি কেইন।

কাই রুনি বর্তমানে ইউনাইটেডের নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের একটি দলের অংশ। এই দলে আরও আছেন জেসি ক্যারিক—বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ ও ক্লাব লিজেন্ড মাইকেল ক্যারিকের ছেলে। পাশাপাশি ড্যারেন ফ্লেচারের যমজ ছেলে জ্যাক ও টাইলার ফ্লেচারও ধীরে ধীরে সিনিয়র সেটআপে জায়গা করে নেওয়ার পথে এগোচ্ছেন।

এ ছাড়া আর্সেনাল থেকে যোগ দেওয়া ১৯ বছর বয়সী ডিফেন্ডার আয়ডেন হেভেন চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন প্রথম দলে। তরুণ উইঙ্গার শিয়া লেসিও এই মৌসুমে সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।

 

Walton Ads