স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই ঝড় তুলে দিয়েছে নেপাল! সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত দারুণ লড়াই করেছে তারা। মাত্র ৪ রানে হারলেও মন জয় করে নিয়েছে নেপালের ক্রিকেটাররা।
ম্যাচ শেষে অধিনায়ক রোহিত পাউডেল বলেন, এমন হারে হতাশা তো আছেই, কিন্তু একইসঙ্গে দল নিয়ে আমি খুব গর্বিত। ছেলেরা সত্যিই অসাধারণ খেলেছে। মাঠে নামার আগে আমার একটাই বার্তা ছিল – ১১০% দিয়ে খেলো। আর তারা পুরোটা দিয়েছে। আমি তাদের নিয়ে সত্যিই গর্বিত।

বিশ্বকাপে নেপালের লক্ষ্য নিয়ে রোহিত আরও যোগ করেন, আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, লড়াই করতে এসেছি। আমরা বিশ্বাস করি, সেরা ক্রিকেট খেললে যেকোনো বড় দলকেই হারানো সম্ভব। আজ আমরা আমাদের সেরা ক্রিকেটই খেলেছি বলে মনে করি।
শেষ মুহূর্তের লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু প্রচেষ্টার দিক থেকে দেখলে আমরা ১০০% দিয়েছি।

শেষ ওভার পর্যন্ত জয়ের আশা ছিল নেপালের। কিন্তু ইংল্যান্ডের পেস অলরাউন্ডার স্যাম কারান দারুণ বোলিং করে অঘটন ঘটতে দেননি। রোহিত বলেন, আমরা ডেথ বোলিংয়ে আরও উন্নতি করতে পারি। ইংল্যান্ডও কিছুটা চাপে ছিল, কিন্তু স্যাম কারান খুব ভালো করেছে। ডেথ ওভারে ইয়র্কার মারা কঠিন, তবে আমরা সেখানে আরও ভালো হব।
নেপালের এই লড়াই সবাইকে মুগ্ধ করেছে। ছোট দেশ হলেও বড় দলের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা যে তাদের আছে, তা আজ প্রমাণ করে দিয়েছে তারা!

 

Walton Ads