টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায় যেন একেবারে বিস্ময়কর। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পর ওমানের বিপক্ষে শেষ ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অজিরা। এই লজ্জাজনক ব্যর্থতার আসল কারণ কী? সেটাই এবার নিজের মুখে ফাঁস করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
আইসিসির এক পর্যালোচনায় পন্টিং সাফ জানিয়ে দিলেন, শুধু চোটই নয়, বাজে ফর্ম আর অপরিকল্পিত দল নির্বাচন—এই তিন কারণে ডুবেছে অস্ট্রেলিয়া। পন্টিং বলেন, 'এটা খুবই খারাপ একটি প্রচারণা। চোট ছিল, কিন্তু জিম্বাবুয়ের কাছে যেভাবে হারল, ওই ম্যাচটাই তাদের বিশ্বকাপ কেড়ে নিয়েছে।'
পন্টিংয়ের বিশ্লেষণে উঠে এসেছে, কাগজে-কলমে দলটি শক্তিশালী হলেও বড় আসরে আগের মতো আত্মবিশ্বাস ও আধিপত্য দেখা যায়নি। বিশেষ করে বোলিং লাইনআপে ছিল ধস। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোটের কারণে দলে ছিলেন না। আর মিচেল স্টার্ক তো আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে বসেছেন। ফলে বোলিং আক্রমণে ধার কমে যায় স্পষ্টভাবেই।
শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও ছিল সমস্যা। হ্যামস্ট্রিং সমস্যায় টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না টিম ডেভিড। আর ক্যামেরুন গ্রিন ও তরুণ কোপার ক্যানোলির পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে মিডল অর্ডারে রান তোলা নিয়েও বেগ পেতে হয়েছে অজিদের।
পন্টিং ইঙ্গিত দিয়েছেন, এই বিশ্বকাপ দিয়েই হয়তো শেষ হয়ে গেল দুই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার। তিনি বলেন, 'আমার মনে হয় না ম্যাক্সওয়েল তখন থাকবে। তার ক্যারিয়ার শেষের দিকে।' শুধু ম্যাক্সওয়েল নন, অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন পন্টিং।
২০২৮ অলিম্পিক ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় রদবদলের ডাক দেননি পন্টিং, তবে তিনি মনে করেন বড় মঞ্চে অভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাচ জেতানোর ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এখন দেখার পালা, এই ভরাডুবির পর অস্ট্রেলিয়া কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।